• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ এএম


মেসিকে কোপা খেলতে চাপ দেবে না আর্জেন্টিনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ৮:৩৮ পিএম

২০২৮ সালের কোপা আমেরিকায় লিওনেল মেসি খেলবেন কি না, সে বিষয়ে তার ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করবে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। জাতীয় দলের হয়ে ভবিষ্যতে খেলার সিদ্ধান্ত পুরোপুরি মেসির নিজের ওপরই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া।৩৯ বছর বয়সী মেসি এখনও জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। তবে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি আবারও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। সেই আসরে তিনি আটটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেন।মেসির ভবিষ্যৎ প্রসঙ্গে তাপিয়া বলেন, “এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি প্রতিটি টুর্নামেন্টে দলের মানদণ্ড ছিলেন। ২০২২ সালেও আমরা জানতাম না তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। তখন তিনি বলেছিলেন, ‘এক ম্যাচ করে এগোচ্ছি।’ এরপর আমরা তাকে তার সেরা রূপেই দেখেছি।”২০২২ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন মেসি। এছাড়া তার নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপাও জেতে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সর্বাধিক ২০৭টি ম্যাচ খেলেছেন তিনি। একই সঙ্গে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৫ গোল করে আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি।মেসিকে নিয়ে তাপিয়া আরও বলেন, “আমরা তাকে নিয়ে গর্বিত। তিনি যেন ফুটবল উপভোগ করেন, আর আমরা যেন তাকে উপভোগ করার সুযোগ পাই।”এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকেও দায়িত্বে রাখার আগ্রহের কথা জানিয়েছেন তাপিয়া। চলতি বছরের শেষেই স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার ইঙ্গিত দিয়েছিলেন এই কোচ।এ বিষয়ে তাপিয়া বলেন, “আমার পরিকল্পনা এ, বি, সি—সবই স্কালোনিকে ঘিরে। আমরা চাই তিনি দায়িত্বে থাকুন। তবে শেষ পর্যন্ত তার সিদ্ধান্তকেই সম্মান করতে হবে।”

/বিএসএস