বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
মূলত ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন ফিফা সভাপতি। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে যাত্রা করেন তিনি। তবে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের জন্য ঢাকাকে বেছে নেওয়া হয়েছে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানের এই স্বল্প সময়ের অবস্থানকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
/এসএন