গাজার শিশুদের বাঁচাতে বিশ্ববাসীর প্রতি গার্দিওলার আকুতিগাজায় চলমান সহিংসতা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ে প্রাণ হারানো হাজার হাজার ফিলিস্তিনির কথা স্মরণ করিয়ে দিয়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন খ্যাতনামা ফুটবল কোচ পেপ গার্দিওলা। তিনি বলেছেন, নিহত ফিলিস্তিনিরা নিছক কোনো পরিসংখ্যান নন; তাঁদের প্রত্যেকেরই ছিল নিজস্ব নাম, পরিচয়, পরিবার এবং ভবিষ্যৎ নিয়ে অসংখ্য স্বপ্ন।জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর স্পেন শাখার প্রকাশিত একটি বিশেষ ভিডিও বার্তায় গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করে তিনি ফিলিস্তিনিদের দুর্দশার প্রতি আরও মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান।গাজায় প্রাণ হারানো মানুষদের কেবল যুদ্ধের আনুষঙ্গিক ক্ষতি হিসেবে বিবেচনা করার প্রবণতার বিরোধিতা করেন গার্দিওলা। তাঁর বক্তব্যে উঠে আসে, নিহতদের মধ্যে রয়েছে অসংখ্য অবুঝ শিশু, যাদের জীবন ও ভবিষ্যৎ যুদ্ধের নির্মমতায় বিপর্যস্ত হয়েছে। মানুষের মৃত্যু ও দুর্ভোগকে আড়াল করতে ব্যবহৃত ভাষা পরিহার করে প্রকৃত মানবিক বিপর্যয়কে স্বীকার করার ওপরও গুরুত্ব দেন তিনি।ক্ষুধার্ত, পরিবারহারা ও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো শিশুদের অসহায় অবস্থার কথা তুলে ধরে গার্দিওলা বলেন, ফিলিস্তিনিদের জীবনের মূল্য বিশ্বের অন্য যেকোনো মানুষের জীবনের সমান। মানুষের জীবন ও মর্যাদার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকা উচিত নয়—তাঁর বক্তব্যে এই মানবিক বার্তাই বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি সতর্ক করেন, এমন পরিস্থিতিতে নীরব থাকা অন্যায়ের প্রতি পরোক্ষ সমর্থনের শামিল। গাজার মানুষের দুর্ভোগ লাঘবে বিশ্ববাসীকে আরও সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যক্রমে আর্থিক সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন গার্দিওলা। একই সঙ্গে গাজার অসহায় মানুষের প্রতি সংহতি বজায় রাখতে এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
/বিএসএস