বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান প্রধান তামিম ইকবালকে ঘিরে ফিক্সিংয়ের অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন ক্রিকেট বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ক্ষোভের অন্যতম কারণ ছিল বিপিএলে ফিক্সিং বা জুয়ার হার কমে যাওয়া। বুলবুল বলেন, “আমার প্রতি তাদের অন্যতম রাগ, দুটো বড় বড় রাগের মধ্যে বড় একটি ছিল, এবার কিন্তু বিপিএলে ৮২% কমেছে ফিক্সিং বা জুয়া, এটা তাদের রাগ। আরেকটা রাগ আমি কেন ঢাকার ক্রিকেটটা ঢাকার বাইরে নিলাম।”
তিনি আরও বলেন, ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং হয় কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তার কাছে একটি রিপোর্ট ছিল, যা বিসিবির সিইও’র অফিসে রয়েছে বলে জানান তিনি।
বুলবুলের ভাষ্য অনুযায়ী, গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ক্লাবের একটি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। তিনি বলেন, “গত বছরের ডিপিএলে দুটো ক্লাব—একটা হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব, যার কাউন্সিলর তামিম ইকবাল। আরেকটি হচ্ছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, যার পেছনে কাজ করেন খালেদ মাহমুদ সুজন। তাদের একটা ম্যাচ ফিক্স করা হয়েছিল, যেটা গণমাধ্যমে এসেছিল, এটার তদন্ত হয়েছে, এটার তদন্ত চলেছে।”
তবে এ প্রসঙ্গে জানা যায়, তামিম ইকবাল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নন। ওই ক্লাবের কাউন্সিলর হিসেবে রয়েছেন মিজানুর রহমান। সর্বশেষ বিসিবি নির্বাচনে তামিম কাউন্সিলর ছিলেন ওল্ড ডিওএইচএস ক্লাবের, যা প্রথম বিভাগ ক্রিকেটে অংশ নেয়।