উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতিহাস গড়া এক রোমাঞ্চকর ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। গোল-পাল্টা গোলের এই ম্যাচকে নিজের কোচিং ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে উল্লেখ করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে।মঙ্গলবার প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচটি ছিল গোলবন্যায় ভরা এক নাটকীয় লড়াই। ৯ গোলের এই ম্যাচটি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে এবং নকআউট পর্বেও দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচ হিসেবে জায়গা করে নিয়েছে।এর আগে বার্সেলোনার কোচ থাকাকালে লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলেও এমন ম্যাচ আগে কখনও দেখেননি বলে জানান এনরিকে।তিনি বলেন, “আমি কখনো এমন রুদ্ধশ্বাস ম্যাচ দেখিনি। আজ কারও ভুল খোঁজার সময় নয়, সবাইকে অভিনন্দন জানানো উচিত। আমরা জেতার যোগ্য ছিলাম, ড্র-ও হতে পারত, এমনকি হারও হতে পারত। এটি নিঃসন্দেহে আমার কোচিং ক্যারিয়ারের সেরা ম্যাচ।”ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতে খভিচা কভারাতস্কেলিয়া ও উসমান দেম্বেলের জোড়া গোলে ৫-২ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বায়ার্ন।জোশুয়া কিমিখের ফ্রি-কিক থেকে দায়োত উপামেকানোর হেডে ব্যবধান কমে আসে। এরপর লুইস দিয়াজের জোরালো শটে ম্যাচে ফেরে জার্মান ক্লাবটি, ব্যবধান নেমে আসে এক গোলে।ম্যাচ শেষে এনরিকে আরও বলেন, “আমি খুবই ক্লান্ত, অথচ এক কিলোমিটারও দৌড়াইনি। খেলোয়াড়রা কেমন অনুভব করছে, তা কল্পনাও করতে পারছি না।”তিনি যোগ করেন, “আমি স্টাফদের জিজ্ঞেস করেছিলাম, এই ম্যাচ জিততে কত গোল দরকার? তারা বলেছিল অন্তত তিনটি। বায়ার্ন তাদের মাঠে আরও শক্তিশালী, তবে আমরা একই মানসিকতা নিয়েই খেলব।”অন্য সেমিফাইনালে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে আর্সেনালের। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে, হাঙ্গেরির বুদাপেস্টে।