তৃণমূল থেকে প্রকৃত মেধাবী ক্রীড়াবিদ তুলে আনতে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে প্রতিভা অন্বেষণ প্রকল্প হাতে নিয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে পরিচালিত এই উদ্যোগে নিজে তদারকির ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ জাতীয় ক্রীড়া পরিষদ-এ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, প্রতিভা বাছাইয়ে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। তিনি বলেন, “আমি মন্ত্রী হিসেবে নয়, একজন খেলোয়াড় হিসেবে পুরো কার্যক্রম তদারকি করবো। অংশগ্রহণকারীদের জন্য বিশেষ মেডিক্যাল টিম থাকবে, যারা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেবে।”
অতীতে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় সরকারি অর্থ অপচয়ের বিষয়টি স্বীকার করে তিনি জানান, এবার সমন্বিতভাবে কাজ করা হবে। মন্ত্রণালয় ও এনএসসি কর্মকর্তাদের সহযোগিতায় ভুল-ত্রুটি সংশোধন করে ক্রীড়াঙ্গনের উন্নয়নে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মেধাবী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সম্ভাবনাময়দের বিকেএসপি-তে পাঠানো হবে এবং তাদের ক্রীড়া বৃত্তির আওতায় আনা হবে। পাশাপাশি আঞ্চলিক বিকেএসপির সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে, যাতে স্থানীয় প্রতিভারা নিজ অঞ্চলে থেকেই প্রশিক্ষণের সুযোগ পায়।
আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়াম-এ এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকসসহ মোট ৮টি ডিসিপ্লিনে অংশ নিতে ইতোমধ্যে নিবন্ধন করেছে ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী।