• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:৩৬ পিএম


শীর্ষ হারানোর পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে গানাররা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ৯:৫৬ এএম

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমে উঠেছে নতুন করে। কয়েক সপ্তাহ আগেও যে আর্সেনালকে অনেকটাই অপ্রতিদ্বন্দ্বী মনে হচ্ছিল, তারা এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। গোল ব্যবধানে এগিয়ে গিয়ে শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। তবু আর্সেনাল কোচ মিকেল আরতেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—দলের বিশ্বাস এখনো অটুট।
বার্নলির বিপক্ষে সিটির ১–০ গোলের জয়ের পরই শীর্ষস্থান হারায় আর্সেনাল। অথচ মাত্র দুই সপ্তাহ আগেও তারা ছিল ৯ পয়েন্ট এগিয়ে। ২০০৪ সালের পর প্রথমবার লিগ জয়ের স্বপ্ন যখন বাস্তবের কাছাকাছি মনে হচ্ছিল, তখন বোর্নমাউথ ও সিটির কাছে পরাজয়ে হিসাব বদলে যায়।
আজ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসলের মুখোমুখি হবে আর্সেনাল। এই ম্যাচে অন্তত হার এড়াতে পারলে সাময়িকভাবে আবার শীর্ষে ফেরার সুযোগ রয়েছে তাদের সামনে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী আরতেতা বলেন, জয় পেলে লক্ষ্যপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে দল। সামনে বাকি পাঁচ ম্যাচকে তিনি মিশন হিসেবেই দেখছেন।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল সামনে রেখে দল পেয়েছে বড় সুখবরও। চোট কাটিয়ে ফিরছেন বুকায়ো সাকা ও রিকার্ডো কালাফিওরি। অ্যাকিলিস চোটে সাকা খেলতে পারেননি শেষ পাঁচ ম্যাচ, আর কালাফিওরি ছিলেন তিন ম্যাচের বাইরে। তাঁদের প্রত্যাবর্তন দলকে বাড়তি শক্তি দেবে বলে আশা।
তবে সাম্প্রতিক পারফরম্যান্স চিন্তার কারণ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে আর্সেনালের জয় মাত্র একটি। বিপরীতে দুর্দান্ত ফর্মে থাকা সিটি আজ এফএ কাপ সেমিফাইনালে সাউদাম্পটনের বিপক্ষে খেলবে এবং লিগে তাদের পরের ম্যাচ ৪ মে। এর আগে আর্সেনাল দুটি ম্যাচ বেশি খেলবে, ফলে ব্যবধান বাড়ানোর বড় সুযোগ তৈরি হয়েছে।
এখন দেখার বিষয়—এই সুযোগ কাজে লাগাতে পারে কি না আর্সেনাল, নাকি শিরোপা দৌড়ে আবারও পিছলে যাবে।