বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানী মাদ্রিদে পৌঁছান নতুন বিশ্বচ্যাম্পিয়নরা। দেশে ফিরেই লামিনে ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেসসহ পুরো বিশ্বজয়ী দলকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।
বিমানবন্দরে অবতরণের মুহূর্ত থেকেই শুরু হয় উৎসবের আবহ। পরে রাজপ্রাসাদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা গ্রহণের পর লুইস দে লা ফুয়েন্তের নেতৃত্বাধীন দলটি ছাদখোলা বাসে রাজধানীজুড়ে চ্যাম্পিয়ন প্যারেডে অংশ নেয়। দিনের শেষভাগে মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিজয় উৎসবের প্রধান আয়োজন।
বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন হাজারো সমর্থক। সকাল থেকেই তারা প্রিয় ফুটবলারদের একনজর দেখার অপেক্ষায় ছিলেন। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি থাকলেও সমর্থকদের শুভেচ্ছার জবাব দিতে ভুল করেননি ইয়ামাল, রদ্রি এবং তাদের সতীর্থরা।
আনুষ্ঠানিক সংবর্ধনার সূচনা হয় মাদ্রিদের সারসুয়েলা প্রাসাদে। সেখানে স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ, রানি লেতিসিয়া এবং রাজকন্যা লিওনোর ও সোফিয়া বিশ্বচ্যাম্পিয়ন দলকে স্বাগত জানান। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্বকাপ ট্রফিও পরিদর্শন করেন রাজপরিবারের সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজা ফেলিপে বলেন, জাতীয় দল মাঠে নামলে পুরো স্পেনই তাদের সঙ্গে খেলে। তার ভাষায়, এই শিরোপা শুধু একটি ফুটবল দলের অর্জন নয়, বরং গোটা দেশের গর্ব। তিনি আরও বলেন, ফাইনালে দলের পারফরম্যান্স এবং বিশ্বকাপ জয়ের সেই মুহূর্ত প্রতিটি স্প্যানিশ নাগরিকের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
রাজপ্রাসাদের আনুষ্ঠানিকতা শেষে পুরো দল যায় মোনক্লোয়া প্রাসাদে। সেখানে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বচ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা জানান। খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন শুধু ফুটবলারদের নয়, স্পেনের প্রতিটি মানুষের। জাতীয় দলের নিবেদন, কঠোর পরিশ্রম এবং অসাধারণ পারফরম্যান্সই দেশকে বিশ্বসেরার মর্যাদা এনে দিয়েছে।
এরপর চ্যাম্পিয়ন প্যারেডের শেষ গন্তব্য ছিল মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কয়ার। সেখানে আয়োজন করা হয় বিজয় উৎসবের মূল অনুষ্ঠান। জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনা, বর্ণিল আলোকসজ্জা এবং ডিজের তালে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলোয়াড়রাও মঞ্চে উঠে সমর্থকদের সঙ্গে নেচে-গেয়ে উদযাপনে অংশ নেন।
উৎসবমঞ্চে বক্তব্য দিতে গিয়ে কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, এই দলের কোচ হতে পারা তার জীবনের সবচেয়ে বড় গর্বগুলোর একটি। তিনি বলেন, এই সাফল্যের পেছনে শুধু খেলোয়াড়দের নয়, দলের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে।
স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিবেলেস স্কয়ার এবং আশপাশের এলাকায় প্রায় ২০ লাখ সমর্থক বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানাতে জড়ো হন। বিশ্বকাপ জয়ের আনন্দে সারাদিন রাজধানী মাদ্রিদ ছিল উৎসবমুখর। তবে উদযাপন এখানেই শেষ হচ্ছে না। বিশ্বচ্যাম্পিয়নদের সম্মানে দেশের বিভিন্ন শহরেও পৃথক অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
/এসএন