বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে শিরোপার লড়াই যত এগোয়, ততই বাড়তে থাকে উত্তেজনা ও চাপ। এমন পরিস্থিতিতেও খেলোয়াড়সুলভ মনোভাব, শৃঙ্খলা এবং ইতিবাচক আচরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এবারের ফিফা বিশ্বকাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস।
ফিফা প্রতি বিশ্বকাপে যে দলটি মাঠে সবচেয়ে বেশি শৃঙ্খলাবোধ, খেলোয়াড়সুলভ আচরণ এবং ইতিবাচক মানসিকতার পরিচয় দেয়, তাদেরই এই সম্মানজনক পুরস্কার প্রদান করে।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান অধিকার করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছিল। তবে শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ডাচদের।
পুরো টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলেও নেদারল্যান্ডসের কোনো ফুটবলার লাল কার্ড দেখেননি। এছাড়া পুরো আসরে তাদের খেলোয়াড়রা মাত্র তিনটি হলুদ কার্ড পেয়েছেন, যা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতল নেদারল্যান্ডস। অন্যদিকে এই পুরস্কার সর্বোচ্চ চারবার জয়ের রেকর্ড রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
/এসএন