• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ এএম


বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে যাচ্ছে ফিফা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ৮:২৩ এএম

ফিফা বিশ্বকাপের ফাইনালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিস্তারিত তদন্ত শেষে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যাচের শেষ মুহূর্ত ও ম্যাচ-পরবর্তী সময়ে ঘটে যাওয়া কয়েকটি বিতর্কিত ঘটনা।

এর মধ্যে রয়েছে লিয়ান্দ্রো পারেদেসের লাল কার্ড এবং মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা, নাহুয়েল মোলিনার বিরুদ্ধে স্পেনের অধিনায়ক রদ্রির দিকে ঘুষি মারার চেষ্টার অভিযোগ এবং দানি ওলমোকে ধাক্কা দেওয়ার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ভূমিকা।

এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেন যখন বিশ্বকাপ শিরোপা উদযাপন করছিল, তখন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন বলেও অভিযোগ রয়েছে। ফিফা তাদের শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালার আওতায় বিষয়টিও তদন্ত করবে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো ফিফা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। সংস্থাটি রেফারির প্রতিবেদন, ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিফার তদন্ত প্রক্রিয়া শেষ হতে এবং এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: স্কাই স্পোর্টস

/এএসএফ