• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ এএম


মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ৭:২৪ এএম

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড অতিক্রম করে এখন ২২ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনি।

শনিবার (১৯ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এই অনন্য কীর্তি গড়েন ২৭ বছর বয়সী এমবাপ্পে।

ম্যাচের প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য ছিল ইংল্যান্ডের। ডেক্লান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা। একপর্যায়ে মনে হচ্ছিল, ১৯৯৪ সালে সুইডেনের ৪-০ ব্যবধানের ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তিই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। মাইকেল অলিসের পাস থেকে গোল করে প্রত্যাবর্তনের সূচনা করেন এমবাপ্পে। এরপর এমবাপ্পের বাড়ানো বল থেকে বারকোলা গোল করলে ব্যবধান আরও কমে আসে এবং ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে নিজের দ্বিতীয় গোলটি করে স্কোরলাইন ৪-৩-এ নিয়ে আসেন এমবাপ্পে। মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ইংল্যান্ডকে বড় চাপে ফেলে দেয় ফরাসিরা।

ম্যাচের ৬৬ মিনিটে করা এই দ্বিতীয় গোলের মাধ্যমেই বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে। লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ভেঙে ২২ গোল নিয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন তিনি।

এছাড়া চলমান বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করে গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে যান এমবাপ্পে। এ তালিকায় ৮ গোল নিয়ে তার পেছনে রয়েছেন মেসি।

তবে ব্যক্তিগত সাফল্যের দিনে দলকে জয় এনে দিতে পারেননি ফরাসি এই তারকা। রোমাঞ্চে ভরা ম্যাচে শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলের ব্যবধানে হেরে চতুর্থ স্থান নিয়েই বিশ্বকাপ শেষ করতে হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে।

/এএসএফ