দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলটির শিবিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ডিফেন্ডার মার্ক কুকুরেলা। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে এই স্প্যানিশ তারকা জানিয়েছেন, স্পেন বিশ্বকাপ জিতলে তিনি জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না।
রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ম্যাচটিকে ঘিরে যেমন লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের দ্বৈরথ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, তেমনি স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা মার্ক কুকুরেলার মন্তব্যও ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
২৭ বছর বয়সী এই ডিফেন্ডার পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন। সাতটি ম্যাচের প্রতিটিতেই তিনি শুরুর একাদশে ছিলেন এবং এক মিনিটের জন্যও মাঠের বাইরে যেতে হয়নি। তার উপস্থিতিতে পুরো বিশ্বকাপে স্পেন মাত্র একটি গোল হজম করেছে, যা দলটির ফাইনালে ওঠার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলা কুকুরেলা বিশ্বকাপের শুরুর দিকে স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদে যোগ দেন।
বিশ্বকাপ শুরুর আগে মজার ছলে তিনি বলেছিলেন, স্পেন শিরোপা জিতলে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু নিজের শরীরে আঁকাবেন। এবার সেই রসিকতার মাত্রা আরও বাড়িয়ে অবসরের ঘোষণার কথাও জানালেন তিনি।
মভিস্টারপ্লাসে প্রকাশিত এক ভিডিওতে কুকুরেলা বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হলে তিনি জাতীয় দল থেকেই অবসর নেবেন।
তার ভাষায়, ‘স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে পরদিনই লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়ে দেব। ইউরো আর বিশ্বকাপ—দুটোই জিতে গেলে আর চাওয়ার কী থাকে!’
মাত্র ২৭ বছর বয়সে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই ফুটবল বিশ্বে বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ, একজন ডিফেন্ডারের জন্য এই বয়সকেই সাধারণত ক্যারিয়ারের সেরা সময় হিসেবে ধরা হয়।
ইউরো ২০২৪ জয়ের পর থেকেই স্পেনের রক্ষণভাগের অন্যতম অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন কুকুরেলা। এরপর বিশ্বকাপেও নিজের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
এখন দেখার বিষয়, স্পেন যদি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয়, তাহলে কুকুরেলা সত্যিই নিজের ঘোষণায় অটল থাকেন কি না। নাকি ফাইনালের উত্তেজনার আবহে দেওয়া এই মন্তব্য শেষ পর্যন্ত শুধুই রসিকতা হিসেবে থেকে যায়, তার উত্তর মিলবে শিরোপা নির্ধারণী ম্যাচের পর।
/এসএন