বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে পাঁচ বছর আগের একটি পোস্ট। ২০২১ সালে এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত সেই পোস্টে দাবি করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে স্পেনকে হারিয়ে শিরোপা জিতবে। ফাইনালের আগে পোস্টটি ফের ভাইরাল হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও বিতর্ক।
ভাইরাল হওয়া পোস্টটি প্রথমে সামনে আনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। এরপর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই পোস্টটির লেখককে ‘টাইম ট্রাভেলার’ বা ভবিষ্যৎ থেকে আসা ব্যক্তি বলে রসিকতা করছেন। কারণ, পোস্টে শুধু সম্ভাব্য চ্যাম্পিয়নের নামই নয়, স্পেনের ফাইনালে ওঠার বিষয়টিও উল্লেখ করা হয়েছিল।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পোস্টে উল্লেখ করা সম্ভাব্য স্কোরলাইন নিয়ে। সেখানে দাবি করা হয়েছিল, আর্জেন্টিনা ৩-২ গোলে স্পেনকে হারাবে। ফাইনাল সামনে থাকায় এখন অনেকের প্রশ্ন—এই ভবিষ্যদ্বাণী কি সত্যিই মিলবে, নাকি এটি নিছক কাকতালীয় ঘটনা?বিশ্বকাপ ফাইনাল ঘিরে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। তার সঙ্গে এই ভাইরাল পোস্ট যোগ করেছে নতুন মাত্রা। এখন সবার অপেক্ষা, মাঠের ৯০ মিনিটে ইতিহাস কী লিখবে এবং পাঁচ বছর আগের সেই আলোচিত পোস্টের সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যায় কি না।
সূত্র: দ্য সান
/বিএসএস