• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম


বিশ্বকাপ থেকে বিদায় নিলেও, র‍্যাংকিং অক্ষুণ্ণ রেখে ৯ বছরের সেরা অবস্থানে মিশর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৫:৫৪ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর (রাউন্ড অব সিক্সটিন) ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মিশর। মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে এই পরাজয়ের পরও ফিফার বিশেষ র‍্যাংকিং নীতির কারণে কোনো র‍্যাংকিং পয়েন্ট হারায়নি মিশর। ফলে দলটির পয়েন্ট অপরিবর্তিত থেকে ১৫৯৭.০৪ রয়েছে এবং তারা এখনও ফিফা র‍্যাংকিংয়ের ২৪তম স্থানে অবস্থান করছে। এটি গত নয় বছরের মধ্যে মিশরের সর্বোচ্চ অবস্থান।

ফিফার নির্দেশিকা অনুযায়ী, বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে কোনো দল পরাজিত হলেও তাদের র‍্যাংকিং থেকে কোনো পয়েন্ট কাটা হয় না। এই বিশেষ নিয়মের কারণেই আর্জেন্টিনার কাছে হারের পরও র‍্যাংকিংয়ে কোনো ক্ষতি হয়নি মিশরের।

বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পথে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশর ১২.৩৪ র‍্যাংকিং পয়েন্ট অর্জন করেছিল। সেই জয়ের সুবাদেই টুর্নামেন্ট চলাকালে তারা সাময়িক র‍্যাংকিংয়ে ২৪তম স্থানে উঠে আসে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ২৯তম স্থানে থাকা দলটি এ পর্যন্ত মোট পাঁচ ধাপ এগিয়েছে।

র‍্যাংকিংয়ে এই উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিউজিল্যান্ডের বিপক্ষে মিশরের ঐতিহাসিক জয়, যা বিশ্বকাপের ইতিহাসে দলটির প্রথম জয় হিসেবে রেকর্ড হয়েছে। পাশাপাশি বেলজিয়াম ও ইরানের বিপক্ষে ড্র করেও মূল্যবান র‍্যাংকিং পয়েন্ট অর্জন করেছে ফারাওরা।

অন্যদিকে, মিশরের বিপক্ষে জয়ের ফলে আর্জেন্টিনা ১১.৪৪ র‍্যাংকিং পয়েন্ট যোগ করেছে। এতে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯২৫.১৫, যা নিয়ে তারা ফিফা র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থান ধরে রেখেছে।

বর্তমানে ১৯২৫.৮৬ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ফ্রান্স।

/এএসএফ