• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ এএম


মুফতি মেঙ্কের হাত ধরে ইসলাম গ্রহণ করেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়েংগি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুলাই ২০২৬ ৯:২৬ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া অস্ট্রেলিয়া দলের স্ট্রাইকার টেটে ইয়েংগি বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ধর্মান্তরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এটি তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড কালবি স্টুডিওস ও নুজুম স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, কৌতূহলবশত তিনি নিজ শহর অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজ দেখতে গিয়েছিলেন। সেখানে আকস্মিকভাবে তার সাক্ষাৎ হয় অস্ট্রেলিয়া সফররত বিশ্বখ্যাত ইসলামি আলোচক মুফতি মেঙ্কের সঙ্গে।

ইয়েংগির ভাষ্য অনুযায়ী, মসজিদে উপস্থিত এক ব্যক্তি তার সঙ্গে মুফতি মেঙ্কের পরিচয় করিয়ে দেন। আলাপের একপর্যায়ে মুফতি মেঙ্ক জানতে চান, তিনি কালিমা শাহাদাত পাঠ করেছেন কি না। ইয়েংগি তখন জানান, তিনি এখনো তা করেননি।

এরপর মুফতি মেঙ্ক তাকে সেখানেই কালিমা শাহাদাত পাঠ করার প্রস্তাব দেন। বিষয়টি স্মরণ করে ইয়েংগি বলেন, ‘এতে তো আমি না বলতে পারি না। আমি তার সঙ্গে সেখানেই কালিমা শাহাদাত পাঠ করি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সত্যিই এটি আমার জীবনের এক অবিশ্বাস্য মুহূর্ত ছিল।’

৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার টেটে ইয়েংগি গত মৌসুমে স্কটল্যান্ডের ক্লাব লিভিংস্টন থেকে ধারে জাপানের ক্লাব মাচিদা জেলভিয়ার হয়ে খেলেছেন।

দক্ষিণ সুদান ও ইংলিশ বংশোদ্ভূত ইয়েংগি অস্ট্রেলিয়ার কোনো বয়সভিত্তিক দলে না খেলেই জাতীয় দলে সুযোগ পান। গত জুনে সুইজারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে নজর কাড়েন তিনি।

চলমান বিশ্বকাপে তুরস্ক ও প্যারাগুয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমে মোট ২২ মিনিট মাঠে ছিলেন ইয়েংগি। এবার রাউন্ড অব ৩২-এ মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছে অস্ট্রেলিয়া।

সূত্র: কালবি স্টুডিওস

/এএসএফ