• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম


বিশ্বকাপে ইতিহাসে তৃতীয় মুসলিম ফুটবলার হিসেবে হ্যাটট্রিক গড়লেন ওসমান দেম্বেলে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুন ২০২৬ ৮:১৯ পিএম

ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত হ্যাটট্রিক করে গড়েছেন নতুন ইতিহাস। তুরস্কের বুরহান এবং সুইজারল্যান্ডের জেরদান শাকিরির পর তৃতীয় মুসলিম ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) বোস্টনে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন দেম্বেলে। ম্যাচের প্রথম ৩২ মিনিটের মধ্যেই তিনটি গোল করে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিকগুলোর একটির মালিক হন এই ফরাসি তারকা।

বিশ্বকাপের দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড এখনও অস্ট্রিয়ার ইয়েরিখ প্রুবস্টের দখলে। তিনি ১৯৫৪ সালের বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে প্রথম ২৪ মিনিটেই তিন গোল করেছিলেন। সেই তালিকায় এবার দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন দেম্বেলে।

ফ্রান্সের ফুটবল ইতিহাসেও এটি একটি বিশেষ অর্জন। দেশটির তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে জুস্ত ফঁতেন এবং ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে কিলিয়ান এমবাপে এই কৃতিত্ব দেখিয়েছিলেন।

চলমান বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং কাতারের বিপক্ষে কানাডার জোনাথন ডেভিড তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেছিলেন।

এ ছাড়া ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিকের দেখা মিলেছে।

বিশ্বকাপে প্রথম ১২ ম্যাচে গোলের দেখা না পাওয়া দেম্বেলে আগের ম্যাচে ইরাকের বিপক্ষে গোল করে অপেক্ষার অবসান ঘটান। সেই ধারাবাহিকতাই নরওয়ের বিপক্ষে আরও উজ্জ্বলভাবে ধরে রাখেন তিনি।

ম্যাচের সপ্তম মিনিটে কিলিয়ান এমবাপের বাড়ানো বল ধরে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে জোরালো শটে প্রথম গোল করেন দেম্বেলে। এরপর ২০তম মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে ব্যবধান বাড়ান। এক মিনিট পর নরওয়ে একটি গোল শোধ দিলেও ৩২তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে নিখুঁত ফিনিশিংয়ে নিজের তৃতীয় গোল করে স্মরণীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ফ্রান্সের এই তারকা।

এই জয়ের মাধ্যমে ফ্রান্সও বিশ্বকাপের নকআউট পর্বের আগে নিজেদের আত্মবিশ্বাস আরও শক্তিশালী করে তুলেছে।

/এএসএফ