• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএম


৬৪ জেলার মধ্যে কতটি ঘোরা হয়েছে, জানুন নিজের ভ্রমণ ম্যাপে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ অক্টোবর ২০২৬ ১১:০১ পিএম

ভ্রমণের মাধ্যমে বাংলাদেশকে জানার সুযোগ যেমন তৈরি হয়, তেমনি দেশের বৈচিত্র্যও কাছ থেকে দেখার সুযোগ মেলে। দেশের ৬৪ জেলা যেন ৬৪ রকমের গল্প। কোথাও পাহাড়, কোথাও সমুদ্র; কোথাও নদী, হাওর-বাঁওড়, আবার কোথাও রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন। তবে এই ৬৪ জেলার মধ্যে আপনি কতটি ঘুরে দেখেছেন এবং কতটি এখনো বাকি—এবার অনলাইন ভ্রমণ ম্যাপের মাধ্যমে সহজেই সেই হিসাব রাখতে পারবেন।

নিজের ঘুরে দেখা জেলার তালিকা ব্যবহার করে তৈরি করা যাবে বাংলাদেশের একটি ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ। ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি এই ম্যাপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ফেসবুকে ভ্রমণ ম্যাপটি ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই নিজেদের ঘুরে দেখা জেলার তালিকা দিয়ে ম্যাপ তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে এক নজরেই জানা যাচ্ছে, দেশের ৬৪ জেলার মধ্যে কতটি ঘোরা হয়েছে এবং কতটি এখনো ঘোরা বাকি।

আপনিও চাইলে সহজেই নিজের ভ্রমণ ম্যাপ তৈরি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। একই সঙ্গে এখনো যেসব জেলা ঘোরা হয়নি, সেগুলো ভ্রমণের পরিকল্পনাও করা সম্ভব হবে।

যেভাবে তৈরি করবেন ভ্রমণ ম্যাপ

ভ্রমণ ম্যাপ তৈরি করতে যেতে হবে ‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রবেশ করলে আটটি বিভাগে থাকা বাংলাদেশের ৬৪ জেলার তালিকা দেখা যাবে। আপনি যেসব জেলায় ভ্রমণ করেছেন, সেগুলোতে ক্লিক করে নির্বাচন করতে পারবেন।

এ ছাড়া পাশে থাকা বাংলাদেশের মানচিত্র থেকেও সরাসরি সংশ্লিষ্ট জেলায় ক্লিক করে সেটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। চাইলে জেলার নাম লিখে সার্চ করেও নির্দিষ্ট জেলা নির্বাচন করা যাবে।

আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপে তার মোট সংখ্যাও দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ৪৩টি ঘুরে থাকলে সেখানে ভ্রমণের হিসাব দেখাবে ৪৩/৬৪।

একসঙ্গে সব জেলা নির্বাচন করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আবার শুরু থেকে নতুন করে হিসাব করতে চাইলে ‘সব মুছুন’ অপশন ব্যবহার করা যাবে। এভাবে কয়েকটি ক্লিকের মাধ্যমেই তৈরি হয়ে যাবে আপনার নিজের বাংলাদেশের ভ্রমণচিত্র।

পছন্দমতো থিম ও ছবি যোগ

শুধু ঘুরে দেখা জেলা নির্বাচন করাই নয়, ভ্রমণ ম্যাপ নিজের পছন্দ অনুযায়ী সাজানোর সুযোগও রয়েছে। ম্যাপটিকে আরও ব্যক্তিগত করে তুলতে বিভিন্ন থিম বেছে নেওয়া যাবে। নিজের পছন্দের রঙের থিম ব্যবহার করে ম্যাপটি সাজানো সম্ভব।

ওয়েবসাইটে মোট পাঁচটি থিম দেওয়া আছে। এর মধ্যে যেকোনো একটি থিম নির্বাচন করে সেটি ম্যাপে কেমন দেখাচ্ছে, তা দেখে নেওয়া যাবে।

চাইলে ম্যাপের সঙ্গে ছবিও যুক্ত করা যাবে। পাশাপাশি নিজের নাম লেখার সুবিধাও রয়েছে। তবে নাম দেওয়া বাধ্যতামূলক নয়। নাম লিখলে সেটি ম্যাপের ওপর প্রদর্শিত হবে। আর নাম না দিলে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।

যেভাবে ম্যাপ ডাউনলোড করবেন

নিজের পছন্দ অনুযায়ী ভ্রমণ ম্যাপ সাজানো হয়ে গেলে পেজের একেবারে নিচের অংশে যেতে হবে। সেখানে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশনে ক্লিক করে তৈরি করা ম্যাপটি সংরক্ষণ করা যাবে।

ম্যাপটি পিএনজি, জেপিজি কিংবা পিডিএফ—এই তিনটি ফরম্যাটের যেকোনো একটিতে ডাউনলোড করা যাবে।

/এসএন