বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড। ইনজুরি কাটিয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই মাঠে ফেরার কথা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। তবে ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের মাঝেই নতুন শঙ্কা তৈরি করেছে বৈরী আবহাওয়া।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটি। তবে স্থানীয় আবহাওয়া দপ্তর একই সময়ে তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে, যা ম্যাচ আয়োজনকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ রাখতে হবে। এছাড়া সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার বাধ্যবাধকতাও রয়েছে। ফলে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হলেও মাঝপথে দীর্ঘ সময়ের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
চলতি বিশ্বকাপেই এমন পরিস্থিতির উদাহরণ দেখা গেছে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। বিরতির পর খেলোয়াড়দের আবার ওয়ার্মআপ করে মাঠে ফিরতে হয়েছিল।
সম্ভাব্য এই পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে স্কটল্যান্ড শিবিরও। দলটির প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ বিলম্বিত হলে তা মোকাবিলার জন্য তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।
স্টিভ ক্লার্ক বলেন, “পরিস্থিতি যেমনই হোক, দল মানসিকভাবে প্রস্তুত। ম্যাচ বিলম্বিত হলে সেটিও আমরা কৌশলগতভাবে সামলানোর চেষ্টা করব।”
গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করতে স্কটল্যান্ডের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। যদিও পরাজিত হলেও তাদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের দিকে। তবে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার অ্যারন হিকিকে পাচ্ছে না দলটি।
অন্যদিকে, দীর্ঘদিন পর নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা ব্রাজিল সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। স্কটল্যান্ডের বিপক্ষে তার প্রত্যাবর্তন ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি মায়ামির আবহাওয়াও হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন দেখার বিষয়, আকাশ পরিষ্কার থাকে নাকি বজ্রঝড় বিশ্বকাপের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচের সূচিতে হস্তক্ষেপ করে।
/এএসএফ