চোটের কারণে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তার ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু ব্রাজিলিয়ান তারকার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে মোটেও উদ্বিগ্ন নন স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রি।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার দৌড়ে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে নেইমারের উপস্থিতি ব্রাজিলের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হলেও স্কটল্যান্ড শিবিরে তা নিয়ে বাড়তি কোনো চাপ দেখা যাচ্ছে না।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে হেনড্রি বলেন, ‘নেইমার ফিরছে? কোনো সমস্যা নেই। তার বিপক্ষে খেলতে আমি স্বচ্ছন্দ বোধ করি। এমন একজন ফুটবলারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছি। সে খেললে এটি হবে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা।’
নেইমারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে স্কটিশ এই ডিফেন্ডারের। ২০২১ সালে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের জার্সিতে খেলতে গিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন পিএসজির হয়ে খেলা নেইমারের। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করতে পারলেই সেলেসাওদের নকআউট পর্বে খেলা নিশ্চিত হবে।
অন্যদিকে, তিন পয়েন্ট নিয়ে থাকা স্কটল্যান্ডের সমীকরণ তুলনামূলক কঠিন। শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখতে তাদের জন্য জয়ই সবচেয়ে নিরাপদ পথ।