• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৯ এএম


পাটওয়ারীকে নিয়ে সামাজিক মাধ্যমে তোপ দাগলেন রাশেদ খাঁন

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ মে ২০২৬ ৪:৪৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান ও অতীত বক্তব্য নিয়ে নানা মন্তব্য করেন।

বুধবার (১৩ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না।’ একই পোস্টে তিনি দাবি করেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীকে গালিগালাজ করলেও বর্তমানে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে বিএনপির সমালোচনা করছেন।

পোস্টে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, পাটওয়ারী জামায়াতে ইসলামীকে ‘ভারতের এক্সটেনশন’, ‘সংস্কারের নামে ভণ্ডামিকারী’, ‘মুনাফেকের দল’ এবং ‘ধর্মের নামে চেতনার ব্যবসা করা দল’ বলে অভিহিত করেছিলেন। এছাড়া জামায়াতের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছিলেন বলে দাবি করেন রাশেদ খাঁন।

তিনি আরও লেখেন, একটি দল সম্পর্কে এত নেতিবাচক বক্তব্য দেওয়ার পর আবার সেই দলের কাছ থেকে আসন নিয়ে নির্বাচন করা সম্ভব নয়, যদি না কেউ ‘গাঁজা সেবন’ করে। এ সময় তিনি এনসিপির প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ডোপ টেস্ট’ ও চিকিৎসার ব্যবস্থা করার কথাও বলেন।

রাশেদ খাঁন তার পোস্টে আরও দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে জামায়াতপন্থী হয়ে উঠেছেন এবং বিভিন্ন পডকাস্টে নিজেকে শিবিরের ‘সাথী’ হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ক্যাম্পাস জীবনে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে দেখেছেন।

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, “একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে?”

/এসএন