• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম


বোন কারিনা কায়সারের জীবন বাঁচাতে লিভার দিতে প্রস্তুত দুই ভাই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ মে ২০২৬ ২:৩৪ পিএম

গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাই পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা গেছে, কারিনার সঙ্গে তার মা লোপা কায়সার রয়েছেন। এছাড়া সম্ভাব্য লিভার ডোনার হিসেবে প্রস্তুত আছেন তার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। প্রয়োজনে তারা লিভার দান করবেন বলে জানিয়েছে পরিবার।

জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের জন্য দোয়া চেয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে দেশের বাইরে নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, মেয়ের চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য বড় ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের বিল, এয়ার অ্যাম্বুলেন্সের খরচ এবং পরবর্তী চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারকে ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে। পাশাপাশি জমি বিক্রির মতো সিদ্ধান্তও নিতে হচ্ছে বলে জানান তিনি।

এর আগে সোমবার দুপুরে কায়সার হামিদ জানিয়েছিলেন, ভারতের ভিসা পাওয়া গেছে এবং চেন্নাই থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এসে কারিনাকে নিয়ে যাবে।

কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা প্রথম কারিনা কায়সারের অসুস্থতার খবর প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে কারিনার লিভার ফেইলিউর হয়েছে। গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। পরে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চেন্নাইয়ে তার চিকিৎসা চলছে।