• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম


মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের পোস্ট

‘এত বড় অ’পকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ৭:১১ পিএম

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখল, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান জামায়াত আমির।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দল সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তবে তার মতে, এত বড় একটি ঘটনার ক্ষেত্রে শুধু সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট নয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, দেশবাসী এ ঘটনায় দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুট হওয়া স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে নিতে হবে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি নিয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছিলেন।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়। এরপরই তার দলীয় পদ এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

/এসএন