হজ মৌসুম শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মে) থেকে নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা ইস্যু কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, একই দিন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতিও দেওয়া হচ্ছে। ফলে নতুন মৌসুমে ওমরাহ পালনের জন্য আগ্রহীরা এখন থেকে প্রয়োজনীয় ভিসা ও অনুমতি গ্রহণের সুযোগ পাচ্ছেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ পালনকারীরা সরকারি নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি এবং ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা হয়েছে।
নুসুক হলো সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ওমরাহ সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যায়। ভিসা-সংক্রান্ত তথ্য, অনুমতি গ্রহণ, বুকিংসহ প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম এই প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে সৌদি আরব।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন মৌসুমে আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু করা হবে। এর পরও ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবার আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোডভিত্তিক যাচাইকরণ এবং পরিবহন ও আবাসন অবকাঠামোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নতুন মৌসুমে আধুনিক ও ডিজিটাল সেবার সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি সংখ্যক মুসল্লি সহজ ও স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালনের সুযোগ পাবেন।
/এসএন