• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম


জাতিসংঘে ভাষণের শুরুতেই খামেনির ছবি তুলে ধরলেন পেজেশকিয়ান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩২ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার শুরুতেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির ছবি তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবিও অধিবেশন কক্ষে প্রদর্শন করেন তিনি।

২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় পেজেশকিয়ান হাতে খামেনির একটি ছবি তুলে ধরেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার প্রথম দিন তেহরানে নিজ কম্পাউন্ডে বিমান হামলায় খামেনি নিহত হন।

ভাষণের শুরুতেই পেজেশকিয়ান নিহত শিশুদের ছবিও তুলে ধরেন। এসব শিশু একটি স্কুলে চালানো হামলায় নিহত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

ইরানবিষয়ক জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী মিশন চলতি মাসের শুরুতে জানিয়েছিল, ইরানের একটি স্কুল ও একটি ক্রীড়া স্থাপনায় দুটি সামরিক হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়ে বিশ্বাস করার মতো যৌক্তিক ভিত্তি রয়েছে।

জাতিসংঘের ওই মিশন আরও বলেছিল, এসব হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

/এএসএফ