পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ফিরতি ফ্লাইটে প্রথম দিনেই ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে পৌঁছেছেন।
শনিবার (৩০ মে) মোট ১৫টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে ফেরেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছিলেন।
এদিকে, দেশে ফেরার কার্যক্রম দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। রোববার (৩১ মে) আরও ১৪টি ফ্লাইটে পাঁচ হাজারের বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে।
দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিরা চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, এবার হজ পালনকালে উল্লেখযোগ্য কোনো ভোগান্তির মুখোমুখি হতে হয়নি।
ফেরত আসা হাজিদের ভাষ্য, বাংলাদেশ ও সৌদি আরবে থাকা-খাওয়া, যাতায়াতসহ বিভিন্ন ধরনের সেবা এবং সার্বিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও সন্তোষজনক। ফলে তারা নির্বিঘ্নে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন।
/এসএন