• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম


জান্নাতে কি আফসোস থাকবে? ইসলাম কী বলে এই বিষয়ে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ১০:১৪ পিএম

জান্নাতে যাওয়ার পর মানুষ কি আফসোস করবে—এ প্রশ্ন অনেকের মনেই আসে। বিশেষ করে কেউ কেউ মনে করেন, জান্নাতে বিভিন্ন স্তর থাকার কারণে তুলনামূলক নিচের স্তরে যারা থাকবে, তারা হয়তো অন্যদের তুলনায় কম মর্যাদা পাওয়ায় আফসোস করবে। তবে ইসলামের মূল শিক্ষার আলোকে এই ধারণা সঠিক নয়।

জান্নাতে কোনো ধরনের কষ্ট, দুঃখ বা আফসোস থাকবে না। কারণ আফসোস নিজেই এক ধরনের মানসিক যন্ত্রণা, আর জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ-কষ্টের অস্তিত্ব নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সম্পর্কে বলেন, সেখানে তাদের কোনো ক্লান্তি বা কষ্ট স্পর্শ করবে না।

তবে একটি হাদিসে উল্লেখ আছে, জান্নাতবাসীরা শুধু সেই সময়ের জন্য আফসোস করবে, যে সময় তারা দুনিয়ায় আল্লাহর স্মরণ ছাড়া কাটিয়েছে। যদিও এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে আলেমদের মধ্যে কিছু মতভেদ রয়েছে।

ধরা যাক, হাদিসটি সহিহ—তবুও এর অর্থ এই নয় যে, জান্নাতে প্রবেশ করার পর তারা আফসোস করবে। বরং এর ব্যাখ্যায় বলা হয়েছে, এই অনুশোচনা হবে কেয়ামতের দিন, যখন মানুষ আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াবে। তখন তারা বুঝতে পারবে, দুনিয়ায় কত সময় আল্লাহর স্মরণ ছাড়া কেটে গেছে।

বিশিষ্ট হাদিস বিশারদদের ব্যাখ্যায়ও বলা হয়েছে, এই আফসোস জান্নাতের ভেতরে নয়; বরং হিসাব-নিকাশের সেই কঠিন মুহূর্তে হবে।

সবশেষে বলা যায়, জান্নাতে প্রবেশের পর কোনো ধরনের আফসোস বা দুঃখ থাকবে না। বরং সেখানে থাকবে পরিপূর্ণ শান্তি, তৃপ্তি ও আনন্দ।

সূত্র: নাওয়াদিরুল উসুল, ৪/১০৭; আত-তাইসির, ২/৩৩১; আত-তানবির, ৯/২৯১