হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ অনুবিভাগ থেকে বলা হয়েছে, হজ এজেন্সি বা অন্য কারও প্ররোচনায় পড়ে কোনোভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, অতীতে সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়ার ঘটনা ঘটেছে। বারবার সতর্ক করা হলেও এমন ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সৌদি আরবের আইনে হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং পচনশীল দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এসব বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সৌদি আইনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালনের সুযোগও ঝুঁকির মধ্যে পড়তে পারে, এমনকি বাতিলও হতে পারে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হবে।