• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:০৮ এএম


উত্তম জীবনসঙ্গী ও চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুন ২০২৬ ৯:২০ পিএম

বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন এবং মহান আল্লাহ তাআলার একটি বিধান। সৃষ্টিগতভাবেই নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষের এবং পুরুষ ছাড়া নারীর জীবন পূর্ণতা পায় না। বিয়ের মাধ্যমে মানুষের একাকীত্ব দূর হয়, পারিবারিক বন্ধন গড়ে ওঠে এবং জীবনে সুখ, শান্তি ও প্রশান্তির সঞ্চার হয়।

মানবজীবনে বিয়ের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার পর তার জীবনসঙ্গী হিসেবে হজরত হাওয়া (আ.)-কে সৃষ্টি করেন এবং তাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন। সেই ধারাবাহিকতাই আজও পৃথিবীতে অব্যাহত রয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আর তাঁর (আল্লাহ) নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন।’ (সুরা রুম, আয়াত : ২১)

উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, বিয়ে সহজ হওয়া, উত্তম জীবনসঙ্গী লাভ এবং বিয়ের আনুষঙ্গিক বিষয়গুলো সহজ করতে কোরআন ও সুন্নাহভিত্তিক বিভিন্ন আমল রয়েছে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কোরআনি দোয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।

উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া

পবিত্র কোরআনে হজরত মুসা (আ.)-এর জীবনের একটি ঘটনা বর্ণিত হয়েছে। সেখানে তার একটি দোয়ার কথাও এসেছে। এই দোয়ার পর আল্লাহ তাআলা তার আশ্রয়, জীবিকা এবং বিয়ের ব্যবস্থা করে দেন। দোয়াটি হলো—

ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮٌ

উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত : ২৪)

চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া

পবিত্র কোরআনে আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে যে, তারা নেককার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। এ প্রসঙ্গে কোরআনে বর্ণিত দোয়াটি হলো—

ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻦَﺍ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ

উচ্চারণ: রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা- ওয়া যুররিইয়া-তিনা, কুররাতা আ‘ইউনিওঁ, ওয়াজ‘আলনা-লিলমুত্তাকিনা ইমা-মা-।

অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ করো। (সুরা ফুরকান, আয়াত : ৭৪)

কোরআনে বর্ণিত এসব দোয়া নিয়মিত পাঠ ও আমলের মাধ্যমে একজন মুমিন আল্লাহ তাআলার কাছে উত্তম জীবনসঙ্গী, পারিবারিক প্রশান্তি এবং নেক সন্তান কামনা করতে পারেন।

/এসএন