• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১০:৫৭ এএম


ওমরাহ পালনে গিয়ে সৌদি সড়কে প্রাণ গেল মা ও দুই সন্তানের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১০:৩১ পিএম

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রিয়াদ থেকে মক্কার পথে যাওয়ার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাদের বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। শফিকুল ইসলামের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

নিহতের ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ জানান, তার বোন, ভগ্নীপতি ও তিন সন্তান একটি ব্যক্তিগত গাড়িতে করে রিয়াদ থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে রিয়াদ-মক্কা মহাসড়কে একটি দ্রুতগতির ভারী যানবাহন তাদের গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারার মৃত্যু হয়।

নিহতের মামাতো ভাই ও সৌদি প্রবাসী নাসিম আহমেদ কবীর জানান, পরিবারটি রিয়াদ থেকে রওনা হওয়ার প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম খোকন ও নাবিলকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার তাদের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছে।

একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে ফরিদপুরের সালথা উপজেলার গ্রামের বাড়িসহ স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

/এএসএফ