আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। স্থানীয় সময় বুধবার রাতে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।
হাফেজ বশির আহমদ হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। তিনি শায়েখ নেছার আহমাদ আন নাছিরীর পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।
এর আগে ২০২১ সালে অনুষ্ঠিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেন হাফেজ বশির আহমদ। আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানে অনুষ্ঠিতব্য আরেকটি আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রতিক্রিয়ায় হাফেজ বশির আহমদ বলেন, মাত্র পাঁচ মাসে তিনি হিফজ সম্পন্ন করেছেন। এরপর পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম এবং এবার আলজেরিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন। এই ধারাবাহিকতা বজায় রেখে ইরানের প্রতিযোগিতাতেও প্রথম হওয়ার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করে।
/এএসএফ