• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম


বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক জামায়াতের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ১১:১৩ পিএম

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহার এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তড়িঘড়ি করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা জনস্বার্থবিরোধী।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। তার ভাষ্য অনুযায়ী, আসন্ন বাজেটকে সামনে রেখে দ্রুতগতিতে বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তি ডেকে আনবে।

তিনি বলেন, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ চরম চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প ও কৃষি খাতে উৎপাদন ব্যয় বাড়বে। এর প্রভাব ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন ব্যবস্থার ওপরও পড়বে। পাশাপাশি চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।

বিবৃতিতে বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অঙ্কের অর্থ অপব্যবহারের অভিযোগও তুলে ধরা হয়। জামায়াতের দাবি, এসব সমস্যার দায় জনগণের ওপর চাপিয়ে দিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না। তিনি বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধের দাবি জানান এবং অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

এ দাবিতে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে ৪ জুন বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

/এসএন