মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনার পর ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাই। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ‘এফজেড১০৭৩’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ককপিটে পাইলটদের সংঘর্ষের পর ১৭৪ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং তদন্ত চলমান থাকায় ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে পরিচালিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার মূল কারণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
মুখপাত্র বলেন, যাত্রী, ক্রু ও উড়োজাহাজের নিরাপত্তাই ফ্লাইদুবাইয়ের সর্বোচ্চ অগ্রাধিকার।
সংস্থাটি আরও জানিয়েছে, তারা নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।
হঠাৎ করে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে ফ্লাইদুবাই। পাশাপাশি যাত্রীদের দ্রুত বিকল্প ভ্রমণের ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছে সংস্থাটি।
এর আগে বুধবার সকালে ১৭৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে রওনা হয়েছিল বোয়িং উড়োজাহাজটি। আকাশে থাকা অবস্থায় ককপিটে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে হাতাহাতির সূত্রপাত হয়।
একপর্যায়ে উড়োজাহাজের অন্য ক্রুরা ফ্লাইট ডেকের নিয়ন্ত্রণ নিশ্চিত করেন। পরে তারা দ্রুত উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, মারামারির ঘটনায় উড়োজাহাজটির ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হন। উড়োজাহাজটি অবতরণের পরপরই তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তবে উড়োজাহাজে থাকা ১৭৪ জন যাত্রী এবং অন্য কেবিন ক্রুরা সবাই নিরাপদ ছিলেন।
সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার জানিয়েছে, তারা এ ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। সংস্থাটির বিশেষজ্ঞ দল উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাবিধি লঙ্ঘন হয়েছে কি না এবং মাঝআকাশে পাইলটদের মধ্যে ঠিক কী কারণে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।
এদিকে তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে ফ্লাইদুবাই দ্রুত একটি বিকল্প উড়োজাহাজ পাঠায় এবং যাত্রীরা গন্তব্যের উদ্দেশে পুনরায় রওনা হন।
/এসএন