• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম


ফ্যাসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে, জনগণের রায় অগ্রাহ্য করা তারই সূচনা: শফিকুর রহমান

The Pulse BD online news desk
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ৩:০৩ পিএম

ফ্যাসিবাদ একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয়—এমন মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতিতে সেই লক্ষণ ইতিমধ্যে দৃশ্যমান। জনগণের রায়কে অগ্রাহ্য ও অপমান করার মধ্য দিয়েই ফ্যাসিবাদের সূচনা হয় বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার ঢাকার কেরানীগঞ্জে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা।

বক্তব্যে তিনি সরকারের সমালোচনা করে বলেন, সংবিধানে গণভোটের বিধান না থাকার কথা বলা হলেও অতীতে একই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ, জনগণের রায় পাওয়ার পরও সরকার তা বাস্তবায়ন না করে সংবিধান সংশোধনের পথে হাঁটছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শুধু সংশোধন নয়—যেসব ধারা থেকে ফ্যাসিবাদের জন্ম হয়, সেগুলো বাদ দিয়েই প্রকৃত সংস্কার প্রয়োজন। ইতিমধ্যে বহুবার সংশোধনের পরও ফ্যাসিবাদ তৈরি হওয়াকে তিনি প্রশ্নবিদ্ধ করেন।

বর্তমান সংকট সমাধানে এখনো সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল সংসদে সমাধান চাইলেও তা গ্রহণ করা হয়নি। ফলে জনগণের কাছে যাওয়ার বিকল্প তৈরি হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

জ্বালানি সংকট নিয়েও বক্তব্য দেন শফিকুর রহমান। তাঁর অভিযোগ, সরকার বাস্তব পরিস্থিতি অস্বীকার করছে। দেশে তেলের কোনো সংকট নেই বলা হলেও বাস্তবে মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, এতে শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং মেধার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারকে বাস্তব পরিস্থিতি স্বীকার করে সকলকে নিয়ে সমাধানের পথে এগোনোর আহ্বান জানান তিনি।