• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম


সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ২:১৬ পিএম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিন দিনে প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দলের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীর পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ নানা পেশার নারীরা ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপ্রত্যাশীরা জানান, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নারী নেত্রীরা দলের কাছ থেকে যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করছেন। নির্বাচিত হলে তারা সংসদে নারীর অধিকার, গণতন্ত্র ও জনগণের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।

এবার মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে অফেরতযোগ্য জামানত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন রয়েছে মোট ৫০টি। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র সদস্যদের জন্য থাকবে ১টি আসন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।