• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম


জুলাইকে ধারণ করতে হলে গণভোটের ফলাফল বিনা তর্কে মেনে নিতে হবে: মাহমুদুর রহমান

আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ১১:০০ পিএম

মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে হলে গণভোটের ফলাফল বিনা বাক্যব্যয়ে ও বিনা তর্কে মেনে নিতে হবে। তার মতে, গণভোটের মাধ্যমে জনগণ তাদের অভিপ্রায় স্পষ্টভাবে প্রকাশ করেছে।

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্য এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, গণভোটকে তিনি কেবল আইনগত বা সাংবিধানিক বিতর্ক হিসেবে দেখেন না; বরং এটি জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে যুক্ত একটি বিষয়। তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটের মাধ্যমে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে।

তিনি আরও বলেন, যারা গণভোটকে দুর্বল করার চেষ্টা করছেন বা আইনি বিতর্ক উত্থাপন করছেন, তারা আসলে জুলাই বিপ্লবের চেতনাকে কতটা ধারণ করেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার মতে, রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়ন অপরিহার্য।

মাহমুদুর রহমান বলেন, দীর্ঘ সময়ের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছিল। এর বিরুদ্ধে তরুণদের অংশগ্রহণে যে আন্দোলন হয়েছে, তা রাষ্ট্র পুনর্গঠনের পথ তৈরি করেছে।

তরুণদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে কেউ এককভাবে ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা করলে তা সফল হবে না। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটে প্রতিফলিত জনগণের ইচ্ছাকে সম্মান জানিয়ে তা বাস্তবায়নে এগিয়ে আসা উচিত।

সেমিনারে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুনুল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।