• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম


ক্ষমতা পেয়ে বিএনপি জনগণকেই ভুলে গেছে বলে অভিযোগ নাহিদের

আপডেট টাইম: ১১ এপ্রিল ২০২৬ ৯:৫৬ পিএম

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করা এবং সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে। তিনি সতর্ক করে বলেন, “এ দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না। গণআন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকারসহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে।”

তিনি আরও বলেন, “এ দেশের ইতিহাসে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। ১৯৪৭ সালের স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষেরাই বেশি ত্যাগ স্বীকার করেছেন।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সরকার গণবিরোধী আচরণ করছে।”

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি জনগণের ত্যাগ-তিতিক্ষার কথা ভুলে গেছে।