• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম


বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ১০:২১ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন-এর প্রকাশিত ২০২৬ সালের ‘টাইম ১০০’ তালিকায় তিনি ৬৭তম অবস্থানে রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বিশ্বের বিভিন্ন অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ম্যাগাজিনটির মুখবন্ধ লিখেছেন চার্লি ক্যাম্পবেল, যিনি সংস্থাটির সিঙ্গাপুর ব্যুরো প্রধান ও ভূ-রাজনীতি বিশ্লেষক।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, টাইমের এই স্বীকৃতি প্রধানমন্ত্রীর নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি।

পোস্টে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক অস্থিরতার সময়ে তারেক রহমান দৃঢ় নেতৃত্বের মাধ্যমে জনগণের আশা জাগিয়েছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে অবাধ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় অগ্রগতি অর্জিত হয়েছে বলেও দাবি করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হন এবং তার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।

নবগঠিত সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।