• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৭ এএম


‘সাদা কাপড়ে দাগ লাগলে বেশি দেখা যায়’—নেতাকর্মীদের বার্তা শফিকুর রহমানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ মে ২০২৬ ৮:৫৫ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একসময় কেউ মনে করতেন না জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে। কিন্তু এখন অনেকেই দলটিকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করেছেন। এ কারণে দলের নেতাকর্মীদের লেনদেন ও আচরণে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে।”

তিনি আরও বলেন, “সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে, যেন কোনো দাগ না লাগে। কারণ অল্প দাগ লাগলেও সেটা বেশি দৃশ্যমান হয়। আপনারা সাদা কাপড়ের মতো। দাগ লাগলে খবর আছে।”

জামায়াত আমির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে দেশ, জাতি ও দ্বীনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, “যেদিন জনগণের আস্থা তৈরি হবে যে আমাদের কাছে দেশ, জাতি ও দ্বীন নিরাপদ, সেদিন সব ঘাট এক জায়গায় মিলবে। সব নদী এক মোহনাতে গিয়ে সমুদ্র তৈরি করবে।”

তিনি আরও বলেন, “আমাদের লেনদেন ও আচার-আচরণ আগের চেয়ে অনেক বেশি সতর্ক হতে হবে।”

ক্ষমতার রাজনীতিতে জামায়াতের অবস্থান প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আগে কখনো মানুষ মনে করত না আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন। তারা ভাবত, জামায়াত একটি কার্যকর দল হিসেবে টিকে থাকবে। কিন্তু এখন অনেকে মনে করে আপনারাই ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। শরীরের একটা লোমকূপও সার্চ লাইটের বাইরে থাকবে না।”

সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম সভাপতিত্ব করেন। এ সময় কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপিসহ অন্য নেতারা বক্তব্য দেন।

এর আগে সকাল ৯টায় একদিনের সফরে রংপুরে পৌঁছান জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আমির সম্মেলনে অংশ নেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

/এসএন