• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম


‘হামের কারণে আর একটি শিশুরও মৃত্যু চাই না’—নাহিদ ইসলাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ১০:০৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, দেশে হামের প্রকোপ বেড়ে গেছে এবং এ পরিস্থিতিতে সরকারকে চিকিৎসাসেবা আরও জোরদার করতে হবে। তিনি বলেন, “আমরা চাই না হামের কারণে আর একটি শিশুও মৃত্যুবরণ করুক। সরকারকে বলব, আপনারা পর্যাপ্ত চিকিৎসা সেবা বৃদ্ধি করুন।”

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে এনসিপিতে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। তিনি জানান, বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক নিরাপদে বসবাস করতে পারবেন।

তিনি প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গও তুলে ধরেন। নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও সেখানে কয়েক লাখ মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার মতে, এ ধরনের পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব ও সতর্কতা আরও বেড়েছে। দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশবিরোধী বিভিন্ন গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পরে নতুন সদস্যদের দলে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।