• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৮ এএম


‘কামব্যাক কমরেড’—মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ২:২৯ পিএম

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাস এখন আগের চেয়ে অনেকটা সুস্থ রয়েছেন।

এ খবর প্রকাশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে একাধিক ফটোকার্ড প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ফটোকার্ডটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।’

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে সেখান থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাতে শায়রুল কবির খান জানান, বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, ঈদুল আজহার আগেই তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

/এইচটি