• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ এএম


গণভোট ইস্যুতে বিএনপির সমালোচনায় এনসিপি নেতা হান্নান মাসউদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ মে ২০২৬ ২:২৮ পিএম

ক্ষমতায় যাওয়ার পর বিএনপির অবস্থান ও আচরণে পরিবর্তন এসেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইল এলাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট ইস্যুতে আয়োজিত এনসিপির জাতীয় কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হান্নান মাসউদ বলেন, ক্ষমতায় আসার পর বিএনপির চেহারা বদলে গেছে এবং তারা পূর্বের ঐকমত্যের অবস্থান থেকে সরে এসেছে। তিনি উল্লেখ করেন, গণভোটের চারটি প্রশ্ন নিয়ে যদি আপত্তি থাকে, তবে সেটি আগে জানানো উচিত ছিল। তার দাবি, বিএনপি নিজেরাই স্বীকার করেছে যে চাপের মুখে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। তার ভাষায়, রিকশায় উঠলে রিকশাচালকরাও বলে—‘বিএনপি প্রতারণা করলো’।

নোয়াখালী-৬ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, দেশের মানুষ ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছে। তিনি মন্তব্য করেন, তারা চান বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকুক, তবে বর্তমান পরিস্থিতিতে সরকার এভাবে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকার পথ সহজ করতে পারে—এমন বিষয়গুলো বিএনপি সংসদে আইনে পরিণত করেছে।

/এসএন