• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম


ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে মনোনয়ন দিল জামায়াত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ মে ২০২৬ ৩:০০ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি সাদিক কায়েমকে মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের এক সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। সেখানেই তার প্রার্থিতা ঘোষণা করা হয়।তবে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কেন্দ্রীয় ঘোষণা আসেনি। দলীয় সূত্রে জানা গেছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।ঘোষণার সময় উপস্থিত থাকলেও সাদিক কায়েম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে তিনি এরই মধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখনো প্রকাশ্য প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক কায়েম। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে ঘিরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। দলীয় নেতৃত্ব মনে করছে, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে ভালো ফল পাওয়া সম্ভব।