কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পোশাকশ্রমিকের ছদ্মবেশে আন্দোলনে অংশ নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগে থেকেই ইন্ধন ও উসকানি দিয়ে আসছে বলেও দাবি করেছেন তিনি।
রোববার (১ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি উল্লেখ করেন, মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনের মূল নেতৃত্বে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। তাঁর অভিযোগ, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনায় পোশাকশ্রমিক পরিচয় দেওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সরাসরি জড়িত ছিলেন।
নিজের বক্তব্যের পক্ষে এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন রাশেদ খাঁন। তিনি বলেন, বর্তমানে বিরোধী দল ও ক্ষমতাচ্যুত শক্তি কীভাবে একসঙ্গে কাজ করছে, সারজিস আলমের ফেসবুক পোস্ট তার একটি স্পষ্ট প্রমাণ।
সারজিস আলমের ওই পোস্টে শ্রমিকদের মজুরি-সংক্রান্ত চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছিল। রাশেদ খাঁনের দাবি, রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা ক্ষমতাচ্যুত আওয়ামী বলয়কে এভাবে উসকে দিচ্ছেন।
/এসএন