• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম


সংরক্ষিত নারী আসনে স্ত্রীর মনোনয়ন নিয়ে মুখ খুললেন জিল্লুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ এপ্রিল ২০২৬ ৭:৩৪ পিএম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় স্ত্রী ফাহমিদা হকের নাম প্রকাশের পর শুরু হওয়া আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টক শো উপস্থাপক জিল্লুর রহমান। তিনি জানিয়েছেন, স্ত্রীর সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া তার ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতেই হয়েছে এবং এতে তার নিজের পেশাগত অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানের উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ফাহমিদা হক দীর্ঘদিন ধরে লেখালেখি, সামাজিক কর্মকাণ্ড এবং নীতিনির্ধারণ সংশ্লিষ্ট আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার এই ধারাবাহিক সম্পৃক্ততা এবং অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেন জিল্লুর রহমান।

ফাহমিদার মনোনয়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশজুড়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সামাজিক বাস্তবতার অভিজ্ঞতা এবং লেখালেখির মাধ্যমে জনপরিসরের আলোচনায় অংশগ্রহণ—এসবের মধ্য দিয়েই তার রাজনৈতিক সচেতনতা ও জনজীবনে ভূমিকা রাখার আগ্রহ তৈরি হয়েছে।

নিজের পেশাগত অবস্থান সম্পর্কে জিল্লুর রহমান বলেন, সাংবাদিক, কলামিস্ট, টক শো উপস্থাপক এবং একটি নীতি-গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার দীর্ঘদিনের কাজ সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান অপরিবর্তিত থাকবে।

তিনি বলেন, “আমার পেশাগত দায়িত্ব ও অবস্থান একই থাকবে। আমি যেভাবে স্বাধীনতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে আসছি, সেভাবেই কাজ চালিয়ে যাব।”

একই পরিবারের সদস্য হয়েও ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করা গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, পেশাগত সততা ও স্বাধীনতা সব সময় অক্ষুণ্ণ রাখা জরুরি।

সবশেষে তিনি ফাহমিদা হকের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করে আশা প্রকাশ করেন, তিনি সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক অবদান রাখবেন।