• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম


লাইফ সাপোর্টে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না জানান, মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসক হাসান আল বান্না বলেন, ‘আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, তবে তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিত লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন। হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলী ধৌত করা হয়েছিল।

প্রথমে মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, চিকিৎসকরা মনে করেছেন মেঘমল্লার বসুকে আইসিইউতে নেওয়া প্রয়োজন। বিকেল থেকে তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। এ কারণেই তাকে আইসিইউতে নেওয়া হয়।

এরপর বুধবার সন্ধ্যায় হাসপাতালের আইসিইউ মেডিকেল অফিসার জানান, তার অবস্থা আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার তেমন উন্নতির লক্ষণ দেখা যায়নি।

/এএসএফ