• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ এএম


আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রী অপহরণ, এনসিপি নেতাসহ দুজন গ্রেপ্তার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ আগস্ট ২০২৬ ৯:৫৪ পিএম

ঢাকার আশুলিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এনসিপির ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভি ও নাজিম। তবে অপহরণ চক্রের মূল অভিযুক্ত শাকিল এখনো পলাতক রয়েছেন।

গ্রেপ্তার দুজনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে শাকিল ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। গত সোমবার সকালে ভুক্তভোগীকে স্কুলে দিয়ে যান তার মা। পরে তাকে আনতে গিয়ে জানতে পারেন, দুপুর ২টার দিকে স্কুলগেটের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে এনসিপি নেতা সানভি ও নাজিমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের সরাসরি ইন্ধন ও সহযোগিতা থাকার বিষয়টি উঠে আসায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তবে মামলার মূল অভিযুক্ত শাকিলকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

/এএসএফ