• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম


রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় জোট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৬:৫৩ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১১ দলীয় জোট। সোমবার সকালে জোটের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচনী কর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করে।

মনোনয়নপত্র নেওয়ার পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সংস্কার বাস্তবায়ন করা হলে অলি আহমদ সবার কাছে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি প্রার্থী হতে পারতেন। কিন্তু সেই সুযোগ তৈরি না হওয়াকে তিনি জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, বিএনপির দ্বিচারিতা অথবা সংস্কার বাস্তবায়নের বিষয়ে দলটির ইতিবাচক মানসিকতার অভাবের কারণে জাতি একজন দক্ষ ও যোগ্য ব্যক্তির সেবা থেকে বঞ্চিত হয়েছে।

সাংবাদিকরা জানতে চান, নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে। জবাবে জামায়াতের এই নেতা বলেন, তাদের কাছে জয়-পরাজয় মুখ্য বিষয় নয়; বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে আনাই তাদের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং অভিভাবকত্বের মর্যাদাপূর্ণ একটি পদ। এই পদেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে গণতন্ত্রের চর্চা হয় না। সে কারণেই রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরির লক্ষ্যে তারা প্রার্থী দিয়েছেন।

এ সময় বিএনপির সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের রায় এবং গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। গণভোটের রায় কার্যকর হলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিষয়টিও সামনে আসত বলে মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদের ভাষ্য, বর্তমান ব্যবস্থায় সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান না। তাদের ভোটাধিকার নিয়ন্ত্রিত থাকায় রাষ্ট্রপতি নির্বাচনেও প্রকৃত গণতান্ত্রিক প্রতিফলন ঘটছে না।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত হওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনেও গণতন্ত্রের যথাযথ প্রতিফলন ঘটত।

/এসএন