জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য। সচিবালয়ের উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকে দেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
সচিবালয় ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে অংশ নেন এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
এর আগে বেলা ১১টার পর রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু হয়। জ্বালানি সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে বৃষ্টিও অংশগ্রহণকারীদের দমাতে পারেনি। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।
সমাবেশে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা।
সমাবেশে বক্তারা জ্বালানি সংকট, বিদ্যুৎ খাতে অনিয়ম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের সমালোচনা করেন। পাশাপাশি এসব সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
/এসএন