প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুই দফা ফোন করে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।স্ট্যাটাসে রাশেদ খাঁন জানান, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে অনুরোধ করেন, তিনি যেন তার বিরুদ্ধে আর কোনো বক্তব্য না দেন। বিনিময়ে পাটওয়ারীও তার বিরুদ্ধে কিছু বলবেন না বলে আশ্বাস দেন।রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, তিনি জবাবে বলেন, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বন্ধ করলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। এর উত্তরে পাটওয়ারী নাকি জানান, তিনি এ বিষয়ে সেদিনই গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে আর এমন কিছু করবেন না।রাশেদ খাঁন আরও দাবি করেন, ওই রাতেই নাসীরুদ্দীন পাটওয়ারী আবার ফোন করেন। তখন তিনি অভিযোগ করেন, রাশেদ খাঁন নাহিদ ও আসিফের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছেন এবং প্রয়োজনে সেই তথ্য প্রকাশ করবেন।স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, তিনি পাটওয়ারীকে জবাবে বলেন, তার কাছে যা তথ্য আছে, সব প্রকাশ করে দিতে। এরপর পাটওয়ারী নাকি অভিযোগ করেন, রাশেদ খাঁন একটি ফ্ল্যাট কিনেছেন এবং সেই সংক্রান্ত নথিপত্রও তার কাছে রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, এসব থেকে রক্ষা পেতেই রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়েছেন।এর জবাবে রাশেদ খাঁন বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং তিনি নাহিদ বা আসিফের কাছ থেকে কখনো এক টাকাও নেননি। তিনি পুনরায় পাটওয়ারীকে তার কাছে থাকা সব তথ্য প্রকাশ করার আহ্বান জানান।স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন উল্লেখ করেন, প্রথম ফোন পাওয়ার পর তিনি ভেবেছিলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাকে একটি সুযোগ দেওয়া উচিত। তবে পরদিন আবারও তার বিরুদ্ধে বক্তব্য দিতে দেখে তিনি মনে করছেন, পাটওয়ারী নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখেননি।উল্লেখ্য, এসব দাবি রাশেদ খাঁনের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে করা হয়েছে। এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
/বিএসএস