হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচি শেষে সংঘর্ষের ঘটনায় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদে সার্কিট হাউসে পৌঁছে দেয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সোনালী ব্যাংকের শাখার ভেতরে আশ্রয় নেন। পরে রাত ৮টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ‘জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার হবিগঞ্জ সফরে যান নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। সকালে আজমিরীগঞ্জ উপজেলায় পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ার পর বিকেলে জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে আয়োজিত আরেকটি সমাবেশে বক্তব্য দেন তারা।
সমাবেশ শেষে সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দিলে সদর হাসপাতাল এলাকার কাছে একদল যুবকের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে নিরাপত্তার জন্য এনসিপির দুই নেতা সোনালী ব্যাংকের ভেতরে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।
/এএসএফ